জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ শেষে চার দিনের সফর সম্পন্ন করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরের মধ্য দিয়ে বিশ্বমানচিত্রে বাংলাদেশের স্বার্থ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুদৃঢ়ভাবে উপস্থাপিত হয়েছে এবং বিশ্বমঞ্চে দেশের আত্মমর্যাদা নতুন উচ্চতায় পৌঁছেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
২৭ সেপ্টেম্বর (রবিবার) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে সফর সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন মাহ্দী আমিন। তিনি জানান, চার দিনের এই সংক্ষিপ্ত সফরে প্রধানমন্ত্রী জাতিসংঘের ৮টি প্রধান ইভেন্টসহ মোট ৩০টি কর্মসূচিতে অংশ নেন এবং ভাষণ প্রদানসহ একাধিক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে ১১টি দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করেন। ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বাংলাদেশের অবস্থান স্পষ্ট করে অধিবেশন থেকে ‘ওয়াকআউট’ করার কথাও জানান তিনি।
উড়োজাহাজ কেনাকাটা ও যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে সম্পর্কের বিষয়ে মুখপাত্র বলেন, দেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির কাছ থেকে উড়োজাহাজ ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘স্ট্র্যাটেজিক সিভিল নিউক্লিয়ার কো-অপারেশন’ বিষয়ক একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। একইসঙ্গে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে জ্বালানি নিরাপত্তা এবং আসিয়ান ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান নিয়ে ফলপ্রসূ কথা হয়েছে।
সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মিরপুরের স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মুখপাত্র স্পষ্ট করে বলেন, কোনো অপরাধী সরকারের রাজনৈতিক পরিচয় ব্যবহার করে রেহাই পাবে না। বিচ্ছিন্ন সব ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের গ্রেপ্তার করছে এবং দেশে আইনের শাসন বজায় রাখতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সংবাদ ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলীসহ অতিরিক্ত ও সহকারী প্রেস সচিববৃন্দ উপস্থিত ছিলেন।

