রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ স্টুডিওতে’ হামলা, ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
২৭ সেপ্টেম্বর (রবিবার) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
ফেসবুক পোস্টে সালমান মুক্তাদিরের স্টুডিওর ভিডিও আপলোড করে জামায়াত আমির লেখেন, “গভীর রাতে জুলাইযোদ্ধা ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের বাসা ও স্টুডিওতে চাঁদাবাজদের হানা, ভাঙচুর, লুটতরাজ ও তাণ্ডব।”
চাঁদাবাজ ও অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের হুশিয়ারি দিয়ে তিনি আরও লেখেন, “মাঝে মাঝে মধু আহরণকারী চাঁদাবাজরা মৌচাক মনে করে ভিমরুলের চাকেও ঢিল ছুড়ে দেয়। তখন সেই ঢিল বুমেরাং হয়ে তাদের দিকেই ফিরে আসে।” দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, কর্তৃত্বশালীরা নিজেদের লোকজন সামলাতে ব্যর্থ হলেও এই নৈরাজ্যের অবসান একদিন অবশ্যই হবে।

