বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে পদে বহাল রেখে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে আনা কোনোভাবেই সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
২৮ সেপ্টেম্বর (সোমবার) দুপুরে রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে এনসিপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী নিজ দায়িত্ব পালনে পুরোপুরি ব্যর্থ হয়েছেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে জাতির সামনে অসত্য বক্তব্য তুলে ধরছেন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন চরম অবনতির জন্য বর্তমান সরকার, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সমানভাবে দায়ী বলে দাবি করেন তিনি।
চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ও জাতীয় অর্থনৈতিক নিরাপত্তা নিয়ে আয়োজিত এ সভায় এনসিপি নেতৃত্ব রাজনৈতিক দিকনির্দেশনা প্রদান করেন। একইসঙ্গে অর্থনৈতিক সংকট ও চক্রান্ত প্রতিরোধে মুক্ত বাজার ব্যবস্থা বহাল রাখা, দেশীয় শিল্প ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া এবং সার্বিক অস্থিতিশীলতার বিরুদ্ধে রাজপথে সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করে দলটি।

