রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে অবস্থিত স্টুডিও ও যানবাহনে সশস্ত্র হামলার নেপথ্যে মূলত জমি ও প্লট সংক্রান্ত দীর্ঘদিনের পুরনো বিরোধের চিত্র উঠে এসেছে বলে দাবি করেছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের।
২৮ সেপ্টেম্বর (সোমবার) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, কোনো সুনির্দিষ্ট স্টুডিও বা ব্যক্তিকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়নি। মূলত নিউগিনি প্রপার্টিজের মালিক নাজিম উদ্দিন ভূঁইয়া আরজু এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মোহাম্মদ মহিউদ্দিনের মধ্যে ৩৫ কাঠা জমি ও রাস্তা ব্যবহার নিয়ে চলে আসা দ্বন্দ্বের জেরে ১৫০ থেকে ২০০ জনের একটি সশস্ত্র দল এ তাণ্ডব চালায়।
পোস্টে দাবি করা হয়, দুই পক্ষের সঙ্গেই বিগত ও বর্তমান রাজনৈতিক প্রভাবশালীদের সখ্য রয়েছে এবং উভয়ের বিরুদ্ধেই অবৈধ জমি দখলের অভিযোগ রয়েছে। ঘটনার রাতে ৪টি ট্রাকে করে আসা সশস্ত্র ব্যক্তিরা বিরোধপূর্ণ জমি দখলের উদ্দেশ্যে সেখানে গিয়ে বেশ কয়েকটি গাড়ি, স্থাপনা ও স্টুডিও ভাঙচুরসহ ফাঁকা গুলি বর্ষণ করে। ঢাকা সেনানিবাস সংলগ্ন এলাকায় এমন সন্ত্রাসী হামলার ঘটনা দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির নাজুক রূপকে ফুটিয়ে তোলে বলে তিনি মন্তব্য করেন।

