কক্সবাজার বিমানবন্দরে নবনির্মিত আন্তর্জাতিক টার্মিনালে বহুল প্রতীক্ষিত ফ্লাইট পরিচালনা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
২৮ সেপ্টেম্বর (সোমবার) সকাল ৮টা ৫০ মিনিটে প্রায় ১৮ হাজার বর্গমিটারের আধুনিক এই টার্মিনাল থেকে পরীক্ষামূলকভাবে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা শুরু করা হয়।
নবনির্মিত আধুনিক টার্মিনাল ঘুরে সন্তোষ প্রকাশ করেছেন দেশি-বিদেশি পর্যটক ও যাত্রী সাধারণ। তারা জানান, আগের তুলনায় এখানে হয়রানি ও ভোগান্তি অনেক কমেছে, পরিষ্কার-পরিচ্ছন্নতা বেড়েছে এবং প্রশস্ত লাউঞ্জ ও আধুনিক ব্যাগেজ বেল্টের সুবিধায় তারা স্বাচ্ছন্দ্য বোধ করছেন। বিভিন্ন এয়ারলাইন্সের প্রতিনিধিরা নিশ্চিত করেছেন যে, পূর্বে স্থানস্বল্পতার কারণে গাদাগাদি পরিবেশ থাকলেও এখন যাত্রীরা আন্তর্জাতিক মানের সেবা পাচ্ছেন।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করতে এপিবিএন, বিমানবাহিনী, আনসারসহ মোট ১৬টি বিভিন্ন নিরাপত্তা বিভাগ যৌথভাবে দায়িত্ব পালন করছে। সংশ্লিষ্টদের তথ্যমতে, নতুন এই টার্মিনালটি আগামী অক্টোবরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের কথা রয়েছে এবং একই মাস থেকে এখানে আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামাও শুরু হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

