জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ ও সার্বিক সফর নিয়ে আজ এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন ভবনে বিকেল ৩টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
২৮ সেপ্টেম্বর (সোমবার) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়। এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে পাঁচ দিনের নিউইয়র্ক সফর শেষে গতকাল রোববার সকাল ৮টা ৪০ মিনিটে দেশে ফেরেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সফরকালে প্রধানমন্ত্রী জাতিসংঘের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি একাধিক রাষ্ট্র ও সরকারপ্রধান, জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা এবং আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। গত ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে দেওয়া ভাষণে তিনি বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন এবং রোহিঙ্গা সংকটসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় বিশ্বমঞ্চে তুলে ধরেন। প্রধানমন্ত্রীর এই সফরকে অত্যন্ত সফল ও ঐতিহাসিক বলে আখ্যায়িত করেছেন তার উপদেষ্টা মাহদী আমিন এবং প্রেস সচিব সালেহ শিবলী।

