ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, তথ্য কমিশন গঠনে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছিল এবং বর্তমান সরকারও একই ধারায় এগোচ্ছে।
২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাজধানীর দ্য ডেইলি স্টার কনভেনশন হলে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে আয়োজিত তথ্য অধিকার সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
ইফতেখারুজ্জামান বলেন, বর্তমান সরকারের সাত মাস পার হলেও তথ্য কমিশন গঠনে কার্যকর অগ্রগতি দেখা যাচ্ছে না। তাঁর মতে, এটি আইনের লঙ্ঘন এবং দ্রুত একটি স্বাধীন ও নিরপেক্ষ তথ্য কমিশন গঠন করা প্রয়োজন।
তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রবণতা রয়েছে। তবে নতুন তথ্য কমিশন যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, সে বিষয়ে আশাবাদী থাকতে চান তিনি।
তথ্য অধিকার আইন ও অপতথ্য নিয়ন্ত্রণকে একসঙ্গে না দেখার আহ্বানও জানান ইফতেখারুজ্জামান। তাঁর মতে, তথ্য অধিকার এবং ভুয়া বা অপতথ্য সম্পূর্ণ আলাদা বিষয় এবং এগুলো মোকাবিলায় পৃথক কাঠামো প্রয়োজন।

