নিজ সম্পত্তি ও নগদ অর্থ আত্মসাতের অভিযোগ তুলে ভাড়াটিয়া হুমায়ুন কবিরের বিচার দাবি করেছেন ভুক্তভোগী বিধবা গৃহবধূ রোজি খন্দকার।
২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন তার মেয়ে কানিজ ফাতেমা।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, মহাখালীর বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকার সময় হুমায়ুন কবির বিভিন্ন অজুহাতে কয়েক ধাপে মোট ৪৩ লাখ টাকা নিয়েছেন। পাশাপাশি প্রায় দুই বছরের বাড়িভাড়া, বিদ্যুৎ, গ্যাস ও পানির বিলও পরিশোধ করেননি বলে দাবি পরিবারের।
কানিজ ফাতেমা আরও অভিযোগ করেন, টাকা ফেরত চাইলে জমি বিক্রি করে পরিশোধের আশ্বাস দেওয়া হলেও পরে আর অর্থ ফেরত দেওয়া হয়নি। প্রায় এক মাস আগে তাদের একটি ফ্ল্যাটে তালা দিয়ে দখলের অভিযোগও তোলা হয়।
এ ছাড়া গাজীপুর আদালতে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা যায়নি।
পরিবারটি ঘটনার তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।

