রাজধানীর ইসিবি চত্বর এলাকার দক্ষিণ মানিকদীর নিউগিনি প্রপার্টিজে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এ পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ।
২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
সবশেষ ২৮ সেপ্টেম্বর (সোমবার) বিকেলে পশ্চিম মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে মিজানুর রহমান নামে একজনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
এর আগে ২৭ সেপ্টেম্বর (রবিবার) হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত শাহরিয়ারসহ আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্যরা হলেন শাহ আলম অনিক, মো. মামুন, আসলাম ও মুন্না।
পুলিশ জানিয়েছে, জমির মালিক নিউগিনি প্রপার্টিজ ও এলাকার অন্য জমির মালিকদের বিরোধের জেরে হামলার ঘটনা ঘটে।
হামলার পর কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির লাইভে এসে স্টুডিওর ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেন এবং চাঁদাবাজির অভিযোগ করেন। তবে পুলিশ বলছে, ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

