মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজদের কঠোরভাবে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। তিনি বলেছেন, অপরাধ দমনে দলীয় পরিচয় বিবেচনার কোনো সুযোগ নেই। অপরাধীর একমাত্র পরিচয় অপরাধী।
২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে পুলিশ সদরদপ্তরে অনুষ্ঠিত আগস্ট মাসের অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশ দেন।
আইজিপি কিশোর অপরাধীদের বিরুদ্ধেও যথাযথ আইনি ব্যবস্থা নিতে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন। মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করে তিনি কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদভাবে উদযাপনে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি গুজব ও অপপ্রচার রোধে সতর্ক থাকার নির্দেশ দেন আইজিপি।
সভায় অতিরিক্ত আইজি মো. সায়েদুর রহমান কিশোর গ্যাংয়ের পেছনে কোনো প্রভাবশালী ব্যক্তি রয়েছে কি না, তা শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলেন। পাশাপাশি দায়িত্ব পালনে বডি ওর্ন ক্যামেরা ব্যবহার ও পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়।

