ইনকিলাব মঞ্চের মুখপাত্র মাসুদুর রহমান আদনান সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে ‘ফকিন্নির বাচ্চা’ বলে কটূক্তি করায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ খানের তীব্র সমালোচনা করেছেন। একই সঙ্গে তিনি রাশেদের বিগত দিনের অর্থনৈতিক অসচ্ছলতার কথা স্মরণ করিয়ে দেন।
৩০ সেপ্টেম্বর (বুধবার) ওই ফেসবুক পোস্টে আদনান লিখেন, রাশেদ নিজে একসময় চরম আর্থিক সংকটের মধ্য দিয়ে গিয়েছেন, যেখানে তার মা অন্যের বাড়িতে কাজ করতেন এবং বাবা ছিলেন রাজমিস্ত্রী। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে বিগত সরকারের রাজনৈতিক নিপীড়নের দিনে সহকর্মীদের কাছ থেকে ধারদেনা ও আর্থিক সহযোগিতা নিয়ে রাশেদকে চলতে হতো বলে আদনান উল্লেখ করেন।
পোস্টে তিনি ক্ষোভ প্রকাশ করে লিখেন, নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসে ক্ষমতা ও অর্থনৈতিক স্বচ্ছলতা পেলে মানুষের বিনয়ী হওয়ার কথা। অথচ প্রধানমন্ত্রীর উপদেষ্টা হওয়ার পর রাশেদ খানের আচরণে নীতি ও বিনয়ের ব্যাপক ঘাটতি দেখা যাচ্ছে। ক্ষমতা ও অর্থ চিরস্থায়ী নয় উল্লেখ করে আদনান তাকে তুচ্ছতাচ্ছিল্য ও দাম্ভিক আচরণ পরিহার করার আহ্বান জানান।

