সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য জি এম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার ঘটনায় ভুক্তভোগীর পরিবারের দাখিল করা আপসনামা গ্রহণ করেননি আদালত। একই সঙ্গে আসামির জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে।
১ অক্টোবর (বৃহস্পতিবার) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালতে এ আদেশ দেওয়া হয়।
মামলার বিবরণ অনুযায়ী, ভুক্তভোগীর বাবা মাসুম বিল্লাহ আত্মীয়তার বন্ধন অটুট রাখার অজুহাতে আসামিদের জামিনে আপত্তি নেই মর্মে আদালতে একটি আপসনামা দাখিল করেন। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী জানান, দণ্ডবিধির ৩০৬ ধারায় আত্মহত্যার প্ররোচনার মামলাটি আইনে ‘আপস অযোগ্য’। ফলে বাদী আপস করলেও মামলাটি শেষ হওয়ার কোনো সুযোগ নেই।
আদালত শুনানি শেষে বয়স ও নারী বিবেচনায় নজরুল ইসলামের প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের জামিন মঞ্জুর করলেও জি এম নজরুলের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়মের (১৯) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পরপরই নিহতের বাবা বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন।

