সাব রেজিস্ট্রার বদলিতে অনিয়ম ও দুর্নীতি কমাতে লটারির মাধ্যমে বদলি কার্যক্রম শুরু করেছে আইন মন্ত্রণালয়। প্রথম ধাপে ঢাকা জেলার এ ক্যাটাগরির ১৮টি পদের জন্য ১৮ জন সাব রেজিস্ট্রারকে লটারির মাধ্যমে নির্বাচন করা হয়েছে।
সকালে আইন মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, সাব রেজিস্ট্রারদের বদলি নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিযোগ রয়েছে। নেতিবাচক পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে স্বচ্ছ লটারির মাধ্যমে বদলির উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, লটারিতে নির্বাচিত ১৮ জনকে যোগ্যতা ও সংশ্লিষ্ট দপ্তরের কাজের চাপ বিবেচনায় ঢাকা জেলার বিভিন্ন স্থানে পদায়ন করা হবে।
আইনমন্ত্রী বলেন, সরকারি দপ্তরে দুর্নীতির যে আখড়া তৈরি হয়েছে, সরকার তা ভাঙতে চায়। বদলি হওয়া কর্মকর্তারাও নিয়মিত নজরদারিতে থাকবেন। কারও বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
দেশে ৩৭২টি সাব রেজিস্ট্রার পদের মধ্যে বর্তমানে ১৩৯টি পদ শূন্য রয়েছে বলেও জানান তিনি।

