নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি কিংবা কৃত্রিম সংকট তৈরির অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৬ অক্টোবর (মঙ্গলবার) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
জাহেদ উর রহমান জানান, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামে অস্থিরতা থাকলেও সরকার এলপিজির দাম সমন্বয়ের চেষ্টা করছে। তবে কিছু এলাকায় নির্ধারিত দামে এলপিজি পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ এসেছে।
তিনি বলেন, খোলা বাজারে এলপিজির সরবরাহ স্বাভাবিক রাখা এবং নির্ধারিত মূল্যে এলপিজি ও অটোগ্যাস বিক্রি নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন জেলায় প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে তদারকি এবং মোবাইল কোর্টের কার্যক্রমও চলছে।
বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সঙ্গেও সরকারের আলোচনা চলছে বলে জানান তিনি।

