প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ, সিসিটিভি ফুটেজ খুঁজছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মধ্যরাতে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি দুটি হাতবোমা ছুড়ে পালিয়ে যায়। এর মধ্যে একটি বিস্ফোরিত হলেও অপরটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে ছিল। পরে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট সেটি নিষ্ক্রিয় করে।

৯ অক্টোবর (শুক্রবার) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানিয়েছেন, একটি মোটরসাইকেলে দুই ব্যক্তি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে আসে। তারা সেখানে কয়েক মিনিট অপেক্ষা করে আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করে। এরপর দুটি হাতবোমা ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পুলিশ জানায়, ছোড়া দুটি হাতবোমার মধ্যে একটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। পরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট অবিস্ফোরিত হাতবোমাটি নিরাপদে নিষ্ক্রিয় করে।

ঘটনার পর মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি আগারগাঁও হয়ে মিরপুর সড়কের দিকে চলে যায় বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। তাদের পরিচয় এবং হামলার উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনায় জড়িতদের শনাক্ত করতে রাত থেকেই তদন্ত শুরু করেছে পুলিশ। প্রধানমন্ত্রীর কার্যালয় ও আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। মোটরসাইকেলটির নম্বর, আরোহীদের চলাচলের পথ এবং ঘটনার আগে-পরে তাদের অবস্থান শনাক্তে ফুটেজ বিশ্লেষণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ঘটনাটি গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনার সামনে হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত করছে।

সর্বশেষ নিউজ