কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের পেছনের একটি চাকা উড্ডয়নের পর বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ ঘটনায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে উড়োজাহাজটি। তবে ফ্লাইটে থাকা সব যাত্রী ও ক্রু নিরাপদ রয়েছেন।
১০ অক্টোবর (শনিবার) বিকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৪৩৬ ফ্লাইটে এ ঘটনা ঘটে। উড়োজাহাজটির রেজিস্ট্রেশন নম্বর এস২-একেই। কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়নের কিছু সময় পর একটি চাকা বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি শনাক্ত করেন সংশ্লিষ্টরা। পরে পাইলট ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জরুরি বার্তা পাঠান।
নিরাপদ অবতরণের জন্য উড়োজাহাজটির ওজন কমাতে কিছু সময় আকাশে চক্কর দিতে হয়। ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ার এলাকার আকাশে কয়েকবার চক্কর দেয়। এ সময় এটি প্রায় ৬ হাজার ১০০ ফুট উচ্চতায় উড়ছিল।
জরুরি অবতরণের প্রস্তুতি হিসেবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে সাময়িকভাবে সব ধরনের উড়োজাহাজ ওঠানামা বন্ধ রাখা হয়। বিকাল ৩টা থেকে প্রায় সাড়ে ৩টা পর্যন্ত রানওয়ে বন্ধ ছিল।
সম্ভাব্য দুর্ঘটনা মোকাবিলায় রানওয়ের পাশে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও জরুরি উদ্ধারকারী দল প্রস্তুত রাখা হয়। পরে দক্ষতার সঙ্গে উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করান পাইলট।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনায় কোনো যাত্রী বা ক্রু আহত হননি। উড়োজাহাজটি নিরাপদে নামার পর সংশ্লিষ্ট কারিগরি দল সেটি পরীক্ষা শুরু করেছে। কী কারণে উড্ডয়নের পর চাকা বিচ্ছিন্ন হয়েছে, তা তদন্ত করে দেখা হবে।

