আধুনিক প্রযুক্তির মাধ্যমে শিল্পকে এগিয়ে নিতে হবে: রিজভী

spot_img
spot_img

 

শিল্প খাতকে টেকসই ও প্রতিযোগিতামূলক করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, শিল্পের সঙ্গে কর্মসংস্থান সরাসরি জড়িত। তাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক ও প্রযুক্তিনির্ভর উৎপাদন ব্যবস্থা গড়ে তুলতে হবে।

১০ অক্টোবর (শনিবার) দুপুরে গাজীপুরের টঙ্গী শিল্প এলাকায় একটি কারখানার বাণিজ্যিক কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, কোনো ধরনের অশুভ উদ্দেশ্য বা অপচেষ্টার কারণে রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান যেন স্থবির হয়ে না পড়ে, সেদিকে সতর্ক থাকতে হবে। ব্যক্তি মালিকানাধীন কোনো প্রতিষ্ঠান সংকটে পড়লে অনেক সময় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ওপর নির্ভরতা বাড়ে। তাই সরকারি শিল্পপ্রতিষ্ঠানগুলোকে কার্যকর ও উৎপাদনক্ষম রাখা জরুরি।

তিনি বলেন, গতানুগতিক পদ্ধতিতে শিল্প পরিচালনার পরিবর্তে প্রযুক্তি, দক্ষতা ও আধুনিক ব্যবস্থাপনার সমন্বয় ঘটাতে হবে। উৎপাদন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি এবং দেশীয় শিল্পের ভিত্তি শক্তিশালী করার দিকেও গুরুত্ব দিতে হবে।

রিজভী ১৯৭৯ সালে ব্লেড ফ্যাক্টরিটি প্রতিষ্ঠার কথা উল্লেখ করে বলেন, পরে ১৯৮৫ সালে প্রতিষ্ঠানটি পুরোপুরি বাণিজ্যিক কার্যক্রম শুরু করে।

অনুষ্ঠানে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান আব্দুল খালেক, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রাশেদুল ইসলাম এবং বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ নিউজ