আমার নামে একটি রিকশা থাকলে প্রমাণ দিন: মিয়া গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

 

নিজের নামে ৭০০ থেকে ৮০০টি অটোরিকশা থাকার যে দাবি বিভিন্ন মাধ্যমে ছড়িয়েছে, তা প্রত্যাখ্যান করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, এতগুলো রিকশা তো দূরের কথা, দেশের কোথাও তার নামে একটি রিকশা থাকার প্রমাণ দিতে পারলেও সেটিই যথেষ্ট।

৯ অক্টোবর (শুক্রবার) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ফটোকার্ড ও বিভিন্ন প্রচারণার মাধ্যমে তাকে শত শত অটোরিকশার মালিক হিসেবে তুলে ধরা হচ্ছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, যাচাই না করেই এমন তথ্য প্রচার করা হচ্ছে।

জামায়াতের এই নেতা বলেন, সরকারের বিভিন্ন সংস্থা ও বিভাগের সক্ষমতা থাকা সত্ত্বেও এখন পর্যন্ত তার নামে একটি রিকশারও তথ্য কেউ দেখাতে পারেনি। তাই যারা তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ করছেন, তাদের কাছে প্রমাণ প্রকাশের আহ্বান জানান তিনি।

তিনি আরও অভিযোগ করেন, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালানো হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন টকশোতে যাচাইবিহীন তথ্য নিয়ে আলোচনা করারও সমালোচনা করেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার সাংবাদিক ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের যাচাই করা তথ্য প্রকাশের আহ্বান জানান। তার ভাষ্য, অসত্য তথ্য ও অপপ্রচারের বিপরীতে সত্যনিষ্ঠ তথ্য তুলে ধরা প্রয়োজন।

তবে তার বিরুদ্ধে অটোরিকশার মালিকানা নিয়ে যে অভিযোগ ছড়িয়েছে, সেটি সত্য না মিথ্যা—এ বিষয়ে কোনো স্বাধীন তদন্তের তথ্য ওই পোস্টে উল্লেখ করা হয়নি।

সর্বশেষ নিউজ