এসএসসিতে ফেল করা শিক্ষার্থীরা ৩ থেকে ৬ মাসের মধ্যে ফের পরীক্ষা দেওয়ার সুযোগ পেতে পারেন

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

 

এসএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের এক বছর অপেক্ষা না করিয়ে তিন থেকে ছয় মাসের মধ্যে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ার পরিকল্পনা করছে সরকার। বিশেষ করে যেসব বিষয়ে শিক্ষার্থীরা অকৃতকার্য হয়েছে, সেসব বিষয়ে দ্রুত পরীক্ষা নেওয়ার ব্যবস্থা চালুর বিষয়টি বিবেচনায় রয়েছে।

১০ অক্টোবর (শনিবার) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চ্যালেঞ্জড শিক্ষার্থী সম্মেলন-২০২৬ অনুষ্ঠানে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।

তিনি বলেন, আগামী বছর থেকে এসএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের তিন থেকে ছয় মাসের মধ্যে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ তৈরির পরিকল্পনা রয়েছে। পাশাপাশি যারা প্রত্যাশিত ফল অর্জন করতে পারেনি, তাদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।

মাহদী আমিন জানান, অকৃতকার্য ও প্রত্যাশিত ফল না পাওয়া শিক্ষার্থীদের তালিকা তৈরি করে তাদের যোগ্যতা ও আগ্রহ অনুযায়ী প্রশিক্ষণ, কারিগরি শিক্ষা এবং কর্মসংস্থানের সুযোগ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। কারও ব্যবসার ভালো ধারণা থাকলে প্রাথমিক অর্থায়নের সুযোগ দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

বিদেশে কর্মসংস্থানের জন্য জাপানি, কোরীয়, চীনা এবং ইউরোপের বিভিন্ন দেশের ভাষা শেখানোর উদ্যোগের কথাও জানান তিনি। তিন থেকে ছয় মাসের ভাষা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে অনেক শিক্ষার্থীকে সরাসরি কর্মক্ষেত্রে যুক্ত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন শিক্ষা উপদেষ্টা।

তিনি বলেন, শুধু এসএসসি, এইচএসসি বা উচ্চশিক্ষার সনদ থাকলেই কর্মসংস্থান নিশ্চিত হয় না। দক্ষতা, ভাষাজ্ঞান ও ব্যবহারিক অভিজ্ঞতা থাকলে কাজের সুযোগ বাড়ে।

পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণ পদ্ধতিতেও পরিবর্তনের কথা জানান মাহদী আমিন। তার ভাষ্য, আগে মূলত নম্বরের যোগ-বিয়োগ ঠিক আছে কি না দেখা হলেও এখন উত্তরপত্রের পূর্ণাঙ্গ মূল্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

সর্বশেষ নিউজ