দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগে সাবেক দুই সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার সাবেক দুই সেনা কর্মকর্তাকে চার দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। তারা হলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষ কুমার বড়ুয়া (৪৭) ও লেফটেন্যান্ট কাজী গুলশান আরা (৪৩)।

মঙ্গলবার (১৩ অক্টোবর) জানা যায়, রোববার দিবাগত রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত রাজধানীর পল্লবী ও বনানী ডিওএইচএস এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হলে সোমবার শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে পুলিশ দাবি করে, গ্রেফতার দুই ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনা, তহবিল সংগ্রহ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক ডিজিটাল কনটেন্ট তৈরি ও প্রচারের সঙ্গে জড়িত। বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও ফেসবুক পেজ ব্যবহার করে সরকারবিরোধী প্রচারণার মাধ্যমে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চালানোর অভিযোগও আনা হয়।

আবেদনে আরও বলা হয়, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে তারা সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ পলাতক কয়েকজন নেতার সঙ্গে যোগাযোগ রাখতেন। মামলার অন্য আসামিদের শনাক্ত, ডিজিটাল আলামত উদ্ধার এবং দেশি-বিদেশি যোগাযোগের বিষয় খতিয়ে দেখতে তাদের রিমান্ড প্রয়োজন বলে জানায় পুলিশ।

তবে আসামিপক্ষ অভিযোগ অস্বীকার করে রিমান্ড বাতিল ও জামিনের আবেদন জানায়। তাদের আইনজীবীরা বলেন, সাবেক সেনা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখা বা সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরি করা নিজেই কোনো অপরাধ নয়। রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে মামলার তদন্তে তাদের জিজ্ঞাসাবাদ জরুরি বলে দাবি করে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুই সাবেক সেনা কর্মকর্তা আগে থেকেই ডিবির নজরদারিতে ছিলেন।

সর্বশেষ নিউজ