দেশের সাম্প্রতিক পরিস্থিতি ও শিল্পকলার দেয়ালে গুণী ব্যক্তিদের প্রতিকৃতি নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তার দাবি, অপ্রয়োজনীয় কিছু বিতর্ক সামনে এনে মানুষকে ব্যস্ত রাখার আড়ালে অন্য কোনো পক্ষ উদ্দেশ্যমূলকভাবে কাজ করছে কি না, সেটি খতিয়ে দেখা প্রয়োজন।
রোববার (১২ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন ফারুকী।
তিনি লেখেন, ‘আমাদেরকে আজাইরা আলাপে ব্যস্ত রাইখা আড়ালের কেউ কোন কলকাঠি নাড়ার কাজে ব্যস্ত এসব দিকে একটু চোখটোখ রাইখেন।’
ফারুকী সাম্প্রতিক সময়ে সাবেক সেনা কর্মকর্তাসহ সীমান্ত ও দেশের ভেতরে কয়েকটি গ্রেফতারের ঘটনার দিকে ইঙ্গিত করে বলেন, এসব ঘটনা বিশ্লেষণ করলে অনেক কিছু অনুমান করা সম্ভব। একই সঙ্গে শিল্পকলার দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের পাশাপাশি আরও দুই ব্যক্তির প্রতিকৃতি যুক্ত করার সিদ্ধান্তের উৎস খুঁজে দেখার আহ্বান জানান তিনি।
তার ভাষ্য, রবীন্দ্রনাথকে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবেই উদযাপন করা হয়। তবে শিল্পকলার দেয়ালে হঠাৎ নতুন প্রতিকৃতি যুক্ত করার বিষয়টি নিয়মিত বা সাধারণ ঘটনা নয়। কে বা কারা এ সিদ্ধান্তের পেছনে ছিল এবং এর উদ্দেশ্য কী—সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোকে তা খতিয়ে দেখার আহ্বান জানান ফারুকী।
তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক পুনর্গঠনই এখন মূল আলোচনার বিষয় হওয়া উচিত। অন্যদিকে প্রতিকৃতিতে কালি দেওয়ার ঘটনাকেও সমালোচনা করেন তিনি।
এর আগে শিল্পকলার দেয়ালে গুণী ব্যক্তিদের প্রতিকৃতি নিয়ে লেখক, কবি ও চিত্রকর ব্রাত্য রাইসুও প্রশ্ন তোলেন। হুমায়ূন আহমেদ, আখতারুজ্জামান ইলিয়াস ও হাসান আজিজুল হকের প্রতিকৃতি না থাকা এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও সত্যজিৎ রায়ের ছবি যুক্ত হওয়া নিয়ে তিনি সমালোচনা করেন।

