ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে ‘টেররিস্ট’ ও ‘ট্রেইটর’ বলে চিৎকার করার ঘটনার তীব্র সমালোচনা করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এ ঘটনাকে ‘অসুস্থ চিন্তা’ ও ‘করুণ আত্মসন্তুষ্টি’ হিসেবে বর্ণনা করেছেন তিনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ নজরুল এ প্রতিক্রিয়া জানান।
পোস্টে তিনি লেখেন, একজন মানুষকে সামনে পেয়ে হঠাৎ ‘টেররিস্ট’ বা ‘ট্রেইটর’ বলে চিৎকার করলেই তার মান-সম্মান নষ্ট হয়ে যায় না। যারা এমন আচরণ করছেন, তারা ড. ইউনূস বিশ্বজুড়ে কতটা সম্মানিত, সেটি অনুধাবন করতে পারছেন না বলেও মন্তব্য করেন তিনি।
আসিফ নজরুল বলেন, ড. ইউনূসের কাজ বিশ্বের বিভিন্ন দেশে অনুসরণ করা হয়েছে। এমনকি ভারতেও তাকে সম্মান জানানো হয়েছে উল্লেখ করে তিনি ভারতের দুই আইনসভার যৌথ অধিবেশনে ড. ইউনূসকে সম্মানিত করার প্রসঙ্গ তোলেন।
তিনি আরও বলেন, বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রনায়ক, রাজা-রানি ও করপোরেট জগতের শীর্ষ ব্যক্তিদের ড. ইউনূসের সান্নিধ্যে মুগ্ধ হতে তিনি নিজে দেখেছেন। নেলসন ম্যান্ডেলা থেকে বিল গেটস পর্যন্ত বহু বিশ্বখ্যাত ব্যক্তির সঙ্গে ড. ইউনূসের সম্পর্ক ও গ্রহণযোগ্যতার কথাও উল্লেখ করেন আসিফ নজরুল।
পোস্টের শেষদিকে তিনি প্রশ্ন তোলেন, একজন ব্যক্তি ড. ইউনূসকে ‘সন্ত্রাসী’ বলে চিৎকার করলে তার কতটা ক্ষতি হতে পারে। বিষয়টিকে সূর্যের দিকে ইট ছুড়ে মারার সঙ্গে তুলনা করে তিনি বলেন, এতে সূর্যের আলো আড়াল করা যায় না।
পোস্টে ঘটনাটির সঙ্গে জড়িতদের উদ্দেশে অত্যন্ত কড়া ও আক্রমণাত্মক ভাষাও ব্যবহার করেন আসিফ নজরুল।

