আশুলিয়ায় অপহরণের এক মাস পর দুই বছরের শিশু উদ্ধার, গ্রেফতার গৃহকর্মী

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

আশুলিয়ার পলাশবাড়ী বটতলা এলাকা থেকে অপহৃত দুই বছরের শিশু মীম আক্তারকে প্রায় এক মাস পর জীবিত উদ্ধার করেছে এসআরবি। এ ঘটনায় মোছা. বেলী বেগম (৩৫) নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) রাতে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার খালপাকুটিয়া দেওলাবড়ি এলাকায় অভিযান চালিয়ে বেলী বেগমকে গ্রেফতার করে এসআরবি-৪ ও এসআরবি-১৪-এর যৌথ দল। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৮ সেপ্টেম্বর আশুলিয়ার পলাশবাড়ী বটতলা এলাকায় নিজ বাসা থেকে মীম নিখোঁজ হয়। শিশুটির মা গার্মেন্টসে কর্মরত হওয়ায় গত ১ সেপ্টেম্বর থেকে বেলী বেগমকে গৃহকর্মী হিসেবে রাখা হয়েছিল। ঘটনার দিন দুপুরে পরিবারের সদস্যরা শিশুটিকে বেলীর কাছে রেখে কর্মস্থলে যান। রাত ১০টার দিকে ফিরে এসে তারা দেখেন, শিশু ও গৃহকর্মী কেউই বাসায় নেই।

পরে শিশুটির মা আশুলিয়া থানায় মামলা করেন। তদন্তে সিসিটিভি ফুটেজ, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে বেলীর অবস্থান শনাক্ত করা হয়।

এসআরবি জানায়, তদন্তে বেলীর ডিভোর্স নোটিশের সূত্র ধরে টাঙ্গাইলের একটি ঠিকানা পাওয়া যায়। পরে স্থানীয় তথ্যের ভিত্তিতে তার তৃতীয় স্বামীর বর্তমান ঠিকানায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

উদ্ধারের পর শিশু মীমকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেফতার বেলী বেগমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সর্বশেষ নিউজ