ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদ ও মলচত্বর-সংলগ্ন গেটের সামনে প্রাইভেট কারের ধাক্কায় অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন। আহতরা সবাই বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারটি গণিত বিভাগের শিক্ষক ড. মো. শহিদুল ইসলামের। ঘটনার সময় তার ছেলে সাদমান গাড়িটি চালাচ্ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল রতন প্রাং জানিয়েছেন, চালকের কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল না।
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন শিক্ষার্থী রিকশায় করে যাওয়ার সময় দ্রুতগতির প্রাইভেট কারটি তাদের ধাক্কা দেয়। এতে রিকশায় থাকা শিক্ষার্থীরা ছিটকে পড়েন। একই সঙ্গে গেটের সামনে দাঁড়িয়ে থাকা কয়েকজনও আহত হন। তাদের মধ্যে দুজনের পা কেটে রক্তক্ষরণ হয়েছে বলে জানা গেছে।
মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ফাহিম রহমান বলেন, বিকট শব্দ শুনে রাস্তায় এসে তিনি দেখেন, একটি গাড়ি রিকশায় জোরে ধাক্কা দিয়েছে। পরে আহত শিক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ শিক্ষার্থীরা গাড়িতে থাকা দুজনকে মারধর এবং গাড়িটি ভাঙচুর করেন বলে প্রত্যক্ষদর্শীদের ভাষ্য।
ঢাবির প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল রতন বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীরা থানায় মামলা করবেন। তিনি আরও জানান, চালক বর্তমানে প্রক্টর অফিসে আছেন এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

