ডেঙ্গু প্রতিরোধে ঢাবির মল চত্বরে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

ডেঙ্গুর প্রাদুর্ভাব কমানো এবং ক্যাম্পাসে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এ সময় গাছের গোড়ায় জমে থাকা আগাছা ও ময়লা-আবর্জনা পরিষ্কারের পাশাপাশি নতুন রোপণ করা গাছের পরিচর্যায় সার প্রয়োগ করা হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসানের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।

পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়া নেতাকর্মীরা মল চত্বরের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা অপসারণ করেন। একই সঙ্গে যেখানে পানি জমে ডেঙ্গুবাহী এডিস মশার প্রজননের ঝুঁকি তৈরি হতে পারে, সেসব স্থান পরিষ্কার রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।

কর্মসূচিতে মমিনুল ইসলাম জিসান বলেন, পরিবেশ ও প্রতিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছেন। তার ভাষ্য, শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা চারাগুলোর নিয়মিত পরিচর্যাও নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশ পরিষ্কার রাখা জরুরি। বিশেষ করে যাদের ছাদবাগান রয়েছে, তারা যেন কোনো পাত্র বা স্থানে তিন দিনের বেশি পানি জমতে না দেন।

মমিনুল ইসলাম জিসান আরও বলেন, ডেঙ্গুতে ইতোমধ্যে অনেক মানুষের মৃত্যু হয়েছে। নতুন করে প্রাণহানি এড়াতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার কথাও জানান তিনি।

সর্বশেষ নিউজ