নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া ল্যাপটপ ফিরে পেয়েছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে পুলিশ সদর দপ্তরে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির আনুষ্ঠানিকভাবে তার হাতে ল্যাপটপটি তুলে দেন।
পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ল্যাপটপ ফিরে পেয়ে বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ক্রিল। একই সঙ্গে বাংলাদেশ ভ্রমণের সময় পাওয়া ইতিবাচক অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি।
গত ৭ অক্টোবর বিকেলে নাটোর রেলওয়ে স্টেশনে ক্রিলের ল্যাপটপ ও ক্যামেরা চুরি হয়। ট্রেনের টিকিট কেনার জন্য এটিএম বুথ থেকে টাকা তুলতে যাওয়ার সময় ট্রেনের কর্মকর্তা পরিচয় দেওয়া এক ব্যক্তির কাছে ব্যাগ রেখে যান তিনি। ফিরে এসে ওই ব্যক্তি ও ব্যাগ খুঁজে পাননি। পরে জানতে পারেন, ওই ব্যক্তি রেলওয়ের কোনো কর্মকর্তা ছিলেন না।
এ ঘটনায় নাটোর সদর থানায় সাধারণ ডায়েরি করেন ক্রিল। পরে নাটোর সদর থানা, জেলা পুলিশ, রেলওয়ে পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের সমন্বয়ে একাধিক দল অভিযান শুরু করে।
পুলিশ জানায়, ১১ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে নাটোর সদর থানার কাপুড়িয়াপট্টি এলাকার নূর ক্লোথিং স্টোর থেকে ক্রিলের ম্যাকবুক উদ্ধার করা হয়।
দ্রুত অভিযোগ নিষ্পত্তি, ল্যাপটপ উদ্ধার এবং পেশাদার দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে নাটোর সদর থানার ওসি মো. মনসুর রহমান ও এসআই মোহাম্মদ শাহাদাত হোসেনকে আর্থিক পুরস্কার দেন আইজিপি।
তিনি সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের কর্মদক্ষতা, আন্তরিকতা ও দলগত সাফল্যের প্রশংসা করেন। একই সঙ্গে দেশি-বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, দ্রুত সেবা দেওয়া এবং পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তুলতে পুলিশের সব ইউনিটকে আরও দায়িত্বশীল হওয়ার নির্দেশনা দেন।
এর আগে ল্যাপটপ ও ক্যামেরা হারিয়ে ক্রিলের কান্নার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এক বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা তাকে নতুন একটি ম্যাকবুক উপহার দিয়েছিলেন।

