নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন প্রধানমন্ত্রীর, ৬৪ জেলায় সম্প্রসারণের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খাদ্যে ভেজাল শনাক্ত, নমুনা পরীক্ষা এবং জনসচেতনতা বাড়াতে বর্তমানে দেশের আটটি মহানগরে এ কার্যক্রম চলছে। পর্যায়ক্রমে তা দেশের ৬৪ জেলায় সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সকালে সচিবালয়ে নিজ দপ্তরে প্রবেশের আগে মন্ত্রিপরিষদ বিভাগের নিচে রাখা মোবাইল ল্যাবরেটরি ভ্যানটি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি পরীক্ষাগারের ভেতরে গিয়ে খাদ্যের নমুনা সংগ্রহ ও পরীক্ষা প্রক্রিয়া দেখেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে ভ্রাম্যমাণ ল্যাবের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানান।

কর্মকর্তারা জানান, ভেজালবিরোধী কার্যক্রম জোরদারের অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকায় খাদ্যের নমুনা পরীক্ষা ও তদারকি বাড়ানো হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পৃথকভাবে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে।

চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের আওতায় ৭২টি ভ্রাম্যমাণ পরীক্ষাগার ভ্যান সংগ্রহের কার্যক্রম চলছে। এসব ভ্যান চালু হলে জেলা পর্যায়ে দ্রুত খাদ্য পরীক্ষা, ভেজাল শনাক্তকরণ এবং বাজার তদারকি আরও সহজ হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

ভ্রাম্যমাণ ল্যাবগুলোতে জনসচেতনতা তৈরির ব্যবস্থাও রাখা হয়েছে। ভ্যানের বাইরে স্থাপিত মনিটরে নিরাপদ খাদ্যবিষয়ক সচেতনতামূলক ভিডিও প্রচার করা হয়।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সঙ্গে খাদ্যমন্ত্রী আফরোজা খানম, সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি, খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও জনপ্রশাসনসচিব কামরুজ্জামান চৌধুরীসহ খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ নিউজ