পদত্যাগ করিনি, চুয়েটে ফিরব না এমন কথাও বলিনি: উপাচার্য

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম বলেছেন, তিনি পদত্যাগ করেননি এবং ভবিষ্যতে চুয়েট ক্যাম্পাসে ফিরবেন না—এমন কোনো বক্তব্যও দেননি। এ ধরনের সংবাদকে মিথ্যা দাবি করে তিনি সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য প্রচারের আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় টানা ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, যখন তাকে ক্যাম্পাস থেকে বের করে আনা হচ্ছিল, তখন কথা বলার মতো পরিস্থিতি ছিল না। ফলে পদত্যাগ বা আর ক্যাম্পাসে না ফেরার বিষয়ে তার নামে প্রচারিত বক্তব্য সঠিক নয়।

তিনি জানান, দীর্ঘ সময় অবরুদ্ধ থাকার কারণে তারাসহ মোট ১১ জনের শারীরিক অবস্থার অবনতি ঘটে। দুজন অ্যালামনাই সদস্যও অসুস্থ হয়ে পড়েন। তাদের একজনকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে সরকারি চিকিৎসক ও সিভিল সার্জনের পরামর্শে তাকেও হাসপাতালে নেওয়া হয়।

অধ্যাপক শেখ শরীফুল আলম বলেন, সোমবার দুপুর ১২টা থেকে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকায় তাদের অমানবিক পরিস্থিতির মধ্যে থাকতে হয়েছে। একপর্যায়ে তিনি নিজেও অসুস্থ হয়ে পড়েন।

বর্তমানে তাকে হাসপাতালে ২৪ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসার জন্য একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছে।

সরকারের সঙ্গে যোগাযোগ প্রসঙ্গে উপাচার্য বলেন, সরকার তাকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে এবং দ্রুত সুস্থ হয়ে ক্যাম্পাসে ফিরে দায়িত্ব পালনের পরামর্শ দিয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তারা যেন নিজেদের শিক্ষাজীবন নষ্ট না করে এবং কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর দ্বারা ব্যবহৃত না হয়।

গত সোমবার সকালে প্রশাসনিক ভবনে প্রবেশের পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তিনি অবরুদ্ধ হয়ে পড়েন। মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

সর্বশেষ নিউজ