তিন স্থানে জানাজা শেষে জুরাইনে দাফন সালাহউদ্দিন আহমেদের

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক এবং ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের জানাজা তিন স্থানে অনুষ্ঠিত হবে। পরে রাজধানীর জুরাইন কবরস্থানে বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে।

বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর দুপুর ১টা ৩০ মিনিটে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দ্বিতীয় জানাজা হবে। বিকেল ৩টায় শ্যামপুরের লাল মসজিদে তৃতীয় জানাজা শেষে তাকে জুরাইন কবরস্থানে দাফন করা হবে।

এর আগে মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সালাহউদ্দিন আহমেদ। পরে তার মরদেহ হাসপাতাল থেকে শ্যামপুরের বাসায় নেওয়া হয়।

তার মৃত্যুর পর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে শ্যামপুরের বাসায় যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি দলের এই জ্যেষ্ঠ নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানান এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানাজার সময়সূচি নিশ্চিত করে জানান, তিন দফা জানাজা শেষে পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী জুরাইন কবরস্থানে বাবার কবরের পাশে সালাহউদ্দিন আহমেদকে সমাহিত করা হবে।

সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন। তার দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক স্মরণ করে নেতারা পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

দাফনের আগে দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষের শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সর্বশেষ নিউজ