ট্রাফিগুরার কাছ থেকে ৯ কার্গো এলএনজি কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

 

দেশের জ্বালানি চাহিদা মেটাতে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ট্রাফিগুরা পিটিই লিমিটেডের কাছ থেকে মোট ৯ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২০২৬ সালের ডিসেম্বর থেকে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত সময়ে এসব এলএনজি সরবরাহ করা হবে। প্রয়োজন অনুযায়ী দুই পক্ষের সম্মতিতে কার্গোর সংখ্যা কমানো বা বাড়ানোর সুযোগও রাখা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী থাইল্যান্ড থেকে অনলাইনে বৈঠকে অংশ নেন। বুধবার (১৪ অক্টোবর) অর্থ মন্ত্রণালয় এ তথ্য জানায়।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট এলএনজির দাম জাপান-কোরিয়া মার্কার বা জেকেএম সূচকের তুলনায় ০.১০ মার্কিন ডলার কম নির্ধারণ করা হয়েছে। তবে এলএনজি আমদানির মোট ব্যয় আন্তর্জাতিক বাজারদর, সরবরাহের পরিমাণ এবং চুক্তির অন্যান্য শর্তের ওপর নির্ভর করবে।

সরকার জানিয়েছে, দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখা, বিদ্যুৎ উৎপাদন সচল রাখা এবং শিল্পখাতের চাহিদা পূরণে এলএনজি আমদানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এদিকে জি টু জি পদ্ধতিতে এলএনজি কেনার আরও দুটি প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এর মধ্যে চেনিয়ার মার্কেটিং ইন্টারন্যাশনাল এলএলপি এবং ট্রাফিগুরা পিটিই লিমিটেডের প্রস্তাব রয়েছে।

এ ছাড়া জরুরি প্রয়োজনে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে সরাসরি ক্রয় পদ্ধতিতে বিপি সিঙ্গাপুর পিটিই লিমিটেড, সাহারা এনার্জি রিসোর্স লিমিটেড এবং শেল ইন্টারন্যাশনাল ট্রেডিং মিডল ইস্ট লিমিটেড এফজেডইর কাছ থেকে এলএনজি কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

তবে এসব প্রস্তাবের আওতায় মোট এলএনজির পরিমাণ, চূড়ান্ত ক্রয়মূল্য, সরবরাহ সূচি এবং আর্থিক ব্যয়ের বিস্তারিত তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

সর্বশেষ নিউজ