২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে করা রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আদালত অবকাশ শেষে নিয়মিত বেঞ্চে আবেদনটি উপস্থাপনের পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী।
বুধবার (১৪ অক্টোবর) বিচারপতি এস এম মনিরুজ্জামান ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
রিটকারীর আইনজীবী জাহিদ তালুকদার জানান, অবকাশকালীন বেঞ্চে বিষয়টি উপস্থাপন করা হলে আদালত নিয়মিত বেঞ্চে যাওয়ার পরামর্শ দিয়ে রিটটি কার্যতালিকা থেকে বাদ দেন।
এর আগে গত ৭ অক্টোবর মুভমেন্ট ফর হিউম্যান রাইটস অ্যান্ড গুড গভর্নেন্স ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মিনহাজ উদ্দিন আহমেদ রিট আবেদনটি করেন।
রিটে প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে।
রিটকারীদের দাবি, ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেওয়ার আগে পর্যাপ্ত গবেষণা, অংশীজনের মতামত ও শিশুদের মানসিক চাপের বিষয় বিবেচনা করা হয়নি। এতে কোচিংনির্ভরতা বাড়া এবং আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের শিক্ষার্থীরা বৈষম্যের মুখে পড়তে পারে বলেও তাদের দাবি।
তবে রিট কার্যতালিকা থেকে বাদ দেওয়ার অর্থ আবেদনটি খারিজ হয়ে যাওয়া নয়। নিয়মিত বেঞ্চে পুনরায় বিষয়টি উপস্থাপন করে শুনানির সুযোগ রয়েছে।

