আশ্বাসে প্রাথমিকের নিয়োগবঞ্চিত প্রার্থীদের অনশন স্থগিত

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্ত সুপারিশ পেয়েও নিয়োগপত্র না পাওয়া প্রার্থীরা পুনরায় যাচাইয়ের মাধ্যমে নিয়োগ দেওয়ার আশ্বাসে আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) মধ্যরাতে তারা কর্মসূচি স্থগিত করার ঘোষণা দেন। বুধবার (১৪ অক্টোবর) আন্দোলনকারীদের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

আন্দোলনকারী প্রার্থীরা জানান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আবদুর রহিম এবং পরিচালক প্রশাসন কামরুল ইসলামের সঙ্গে আলোচনার পর তারা অনশন স্থগিত করেছেন।

বৈঠকে সংশ্লিষ্ট প্রার্থীদের পৃথকভাবে আবেদন করতে বলা হয়েছে। আবেদনগুলো পুনরায় যাচাই করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর আশ্বাস দেওয়া হয়েছে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চূড়ান্ত সুপারিশ পাওয়ার পরও মোট ৮৩ জন প্রার্থী নিয়োগপত্র পাননি। কী কারণে তাদের নিয়োগ আটকে গেছে, সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা না পাওয়ায় তারা আন্দোলনে নামেন।

গত ১১ অক্টোবর সকাল থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে আমরণ অনশন শুরু করেন বঞ্চিত প্রার্থীরা। টানা প্রায় ৬২ ঘণ্টা অনশনের কারণে কয়েকজন অসুস্থ হয়ে পড়েন।

আন্দোলনকারীরা জানিয়েছেন, অক্টোবরের মধ্যে নিয়োগের বিষয়ে কার্যকর সমাধান না এলে তারা নভেম্বর থেকে আবার আন্দোলন কর্মসূচিতে যেতে পারেন।

তাদের দাবি, যেহেতু তারা চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত, তাই প্রয়োজনীয় যাচাই শেষে দ্রুত নিয়োগপত্র দেওয়া উচিত।

সর্বশেষ নিউজ