টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী

ডেস্ক রিপোর্ট
spot_img
spot_img

গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করতে সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে যোগ দিয়েছেন।

বুধবার (১৪ অক্টোবর) বেলা ১টা ১৩ মিনিটের দিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী সেনাবাহিনীর সদস্যদের আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেওয়ার বিষয়টি জানান।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম জানান, সকাল সোয়া ১০টার দিকে ওই ওষুধ কারখানায় আগুন লাগার খবর পাওয়া যায়।

প্রথমে কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হলেও আগুনের তীব্রতা বাড়ায় পর্যায়ক্রমে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়। সর্বশেষ ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এর আগে দুপুরের দিকে ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করার তথ্য জানানো হয়েছিল। পরে পরিস্থিতি বিবেচনায় আরও ইউনিট যুক্ত করা হয়।

অগ্নিকাণ্ডের কারণে কারখানা ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে আগুন কীভাবে লেগেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থল পরিদর্শন করে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত নির্ধারণ করা হবে।

সর্বশেষ নিউজ