সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির নতুন নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের জন্য মোট ১৪ শতাংশ কোটা রাখা হয়েছে। পাশাপাশি ঢাকা মহানগরের সরকারি বিদ্যালয়গুলোর ক্যাচমেন্ট এরিয়ার শিক্ষার্থীদের জন্য ৪০ শতাংশ আসন সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) প্রকাশিত নীতিমালায় কোটা ও সংরক্ষিত আসনের বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।
নীতিমালা অনুযায়ী, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যাদের জন্য ৫ শতাংশ, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ২ শতাংশ, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী ও অধীনস্থ দপ্তরের সন্তানদের জন্য ২ শতাংশ, সহোদর বা সহোদরা শিক্ষার্থীদের জন্য ৩ শতাংশ এবং যমজ ভাই-বোনের জন্য ২ শতাংশ আসন সংরক্ষিত থাকবে।
ঢাকা মহানগরের সরকারি বিদ্যালয়ে ক্যাচমেন্ট এরিয়ার শিক্ষার্থীদের জন্য মোট আসনের ৪০ শতাংশ সংরক্ষণ করা হবে। বাকি ৬০ শতাংশ আসন অন্য আবেদনকারীদের জন্য উন্মুক্ত থাকবে।
ষষ্ঠ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে মোট আসনের ১০ শতাংশ স্বতন্ত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য সংরক্ষণের নির্দেশও রয়েছে।
এছাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বদলিজনিত কারণে সন্তানদের ভর্তির সুবিধার্থে প্রতিটি বিদ্যালয়ের প্রতি শাখায় ৫ শতাংশ অতিরিক্ত আসন সংরক্ষণ করা হবে।
ঢাকা মহানগরী, জেলা ও উপজেলা পর্যায়ে পৃথক ভর্তি কমিটি পুরো ভর্তি কার্যক্রম তদারকি করবে। নতুন নীতিমালার মাধ্যমে সরকারি স্কুলে ভর্তি প্রক্রিয়ায় সংরক্ষিত আসন ও কোটার বিষয়গুলো আরও নির্দিষ্ট করা হয়েছে।

