যুক্তরাষ্ট্রে ভিসা নিয়ে অবস্থানের অনুমোদিত সময়সীমা অতিক্রম না করতে বাংলাদেশি ভ্রমণকারীদের সতর্ক করেছে ঢাকায় মার্কিন দূতাবাস। নির্ধারিত সময়ের বেশি অবস্থান করলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা এমনকি ফৌজদারি মামলার মুখোমুখি হওয়ার ঝুঁকিও থাকতে পারে বলে জানিয়েছে দূতাবাস।
শনিবার (১৭ অক্টোবর) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ সতর্কতা দেয়। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রে ভিসা থাকা মানেই ইচ্ছামতো দীর্ঘ সময় অবস্থানের অনুমতি নয়। দেশটিতে প্রবেশের সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে সময় পর্যন্ত থাকার অনুমতি দেয়, তার মধ্যেই দেশত্যাগ করতে হবে।
দূতাবাস জানিয়েছে, কনস্যুলার কর্মকর্তারা আবেদনকারীর অভিবাসনসংক্রান্ত সব তথ্য দেখতে পারেন। অতীতে কেউ যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন বা ভিসার শর্ত লঙ্ঘন করে থাকলে ভবিষ্যৎ ভিসা আবেদনের সময় সেই তথ্যও বিবেচনায় আসবে।
বার্তায় আরও বলা হয়েছে, অনুমোদিত সময়ের বেশি অবস্থানের ক্ষেত্রে অনিচ্ছাকৃত ভুলের যুক্তি গ্রহণযোগ্য নাও হতে পারে। তাই ভ্রমণকারী, শিক্ষার্থী কিংবা অন্য কোনো ভিসাধারীকে নিজের অনুমোদিত অবস্থানের সময়সীমা সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
দূতাবাসের এই বার্তা এমন সময়ে এলো, যখন বিদেশ ভ্রমণের ক্ষেত্রে ভিসার শর্ত মেনে চলা নিয়ে বিভিন্ন দেশ কঠোর অবস্থান নিচ্ছে। মার্কিন দূতাবাসও ভিসার নিয়ম লঙ্ঘনের সম্ভাব্য পরিণতি সম্পর্কে আগেভাগে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

