রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ ও হাসপাতালগুলোর প্রস্তুতি সরেজমিন দেখতে বিভিন্ন হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে বের হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টা ১০ মিনিটে তিনি গুলশানের বাসা থেকে বের হন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানিয়েছেন, ডেঙ্গু মোকাবিলায় হাসপাতাল কর্তৃপক্ষ কী ধরনের ব্যবস্থা নিয়েছে এবং রাজধানীর পরিচ্ছন্নতা পরিস্থিতি কেমন—তা সরেজমিন দেখতে এই পরিদর্শন।
প্রধানমন্ত্রীর প্রথম গন্তব্য ছিল উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল। সেখানে ডেঙ্গু রোগীদের চিকিৎসা, হাসপাতালের প্রস্তুতি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নেওয়া ব্যবস্থাগুলো পর্যবেক্ষণের কথা রয়েছে।
এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালও তাঁর পরিদর্শনের তালিকায় রয়েছে। পাশাপাশি কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা পরিস্থিতিও পর্যবেক্ষণ করবেন সরকারপ্রধান।
সাম্প্রতিক সময়ে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে চাপ বেড়েছে। এ অবস্থায় চিকিৎসাসেবার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা এবং সমন্বিত প্রতিরোধ কার্যক্রমের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে বলা হয়েছে, সরেজমিন পরিদর্শনের উদ্দেশ্য হলো বাস্তব পরিস্থিতি সম্পর্কে ধারণা নেওয়া এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রস্তুতি ও ঘাটতি চিহ্নিত করা। পরিদর্শন শেষে প্রয়োজনীয় নির্দেশনা আসতে পারে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।

