দুর্গাপূজায় উত্তরার মণ্ডপে আনসারের নিরাপত্তা পরিদর্শন, বিশেষ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

শারদীয় দুর্গাপূজা ২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে রাজধানীর উত্তরা অঞ্চলের বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন ঢাকা মহানগর আনসারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। একই সঙ্গে দায়িত্বে থাকা আনসার ও ভিডিপি সদস্যদের সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) ঢাকা মহানগর আনসার (ডিএমএ)-এর পরিচালক মুহাম্মদ নূরে আলম সিদ্দিকী এবং ডিএমএ উত্তর জোনের অধিনায়ক মো. আনোয়ার হোসেন সরকার উত্তরা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তাঁরা উত্তরা সার্বজনীন পূজা মন্দির এবং উত্তরা পশ্চিম থানা শাখার মহানগর সার্বজনীন পূজা কমিটি আয়োজিত মণ্ডপসহ বেশ কয়েকটি বড় পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরে মণ্ডপে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার ও ভিডিপি সদস্যদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

কর্মকর্তারা জানান, শারদীয় দুর্গাপূজা যাতে ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সে জন্য প্রতিটি মণ্ডপে দায়িত্বে থাকা সদস্যদের সর্বোচ্চ সততা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। মণ্ডপে আগত দর্শনার্থীদের শৃঙ্খলা বজায় রাখা, প্রবেশ ও বের হওয়ার পথে নজরদারি এবং যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়।

ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের অংশ হিসেবে ‘শারদীয় সুরক্ষা অ্যাপস’ ব্যবহারেরও নির্দেশনা দেওয়া হয়েছে। পূজা চলাকালে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিলে অ্যাপটির মাধ্যমে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তথ্য ও বার্তা পাঠাতে বলা হয়েছে।

এ ছাড়া স্থানীয় পূজা উদ্‌যাপন কমিটি, পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় রেখে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন আনসারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সর্বশেষ নিউজ