বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট, ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনায় করা মামলায় সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা মতিঝিল বিভাগ।
রোববার (১৮ অক্টোবর) পল্টন মডেল থানায় দায়ের করা মামলায় এ আবেদন আদালতে দাখিল করা হয়। সুলতান মনসুর বর্তমানে অন্য একটি মামলায় গ্রেপ্তার হয়ে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আছেন।
তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, ২০২২ সালের ৭ ডিসেম্বর বিকেল থেকে রাত পর্যন্ত পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও আশপাশের এলাকায় হামলা, ভাঙচুর, লুটপাট ও গুলিবর্ষণের ঘটনা ঘটে।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ওইদিন পুলিশ সদস্য ও অস্ত্রধারীরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করে গুরুত্বপূর্ণ কাগজপত্র নষ্ট করেন। পাশাপাশি নগদ অর্থ, কম্পিউটার ও মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪৭ লাখ টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, মামলার সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের স্বার্থে সুলতান মনসুরকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো প্রয়োজন। আবেদনটি আদালতের বিবেচনায় রয়েছে।

