গুমের শিকার ব্যক্তি ও তাঁদের পরিবারের সদস্যদের এখনো মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।
রোববার (১৮ অক্টোবর) সকালে রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় গুমের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে একটি স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
হাবিব অভিযোগ করেন, বিগত শাসনামলের প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর একটি অংশ নিজেদের আগের কর্মকাণ্ড আড়াল করতে গুমের শিকার পরিবারগুলোর বিরুদ্ধেই পাল্টা মামলা দিচ্ছে।
তিনি বলেন, গুমের ঘটনাগুলোকে ভিন্ন খাতে নেওয়ার জন্য অতীতে নানা ধরনের বক্তব্য দেওয়া হয়েছিল। কারও ক্ষেত্রে বলা হয়েছিল, তাঁরা অভিমান করে চলে গেছেন; আবার কোনো ঘটনাকে সাজানো বলে প্রচার করা হয়েছিল।
হাবিব আরও অভিযোগ করেন, দেশের বিভিন্ন এলাকায় গুমের শিকার পরিবারের সদস্যদের বিরুদ্ধে নতুন করে মামলা দেওয়া হচ্ছে। এ ধরনের হয়রানি বন্ধ না হলে তিনি প্রতিবাদ চালিয়ে যাবেন বলেও জানান।
এ সময় বাংলাদেশ গুম পরিবার কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান বেল্লাল হোসেনসহ কয়েকজন উপস্থিত ছিলেন। তাঁরাও গুমসংক্রান্ত মামলার নথি ও প্রমাণ সংরক্ষণ এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানান।

