মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপরিচ্ছন্ন টয়লেট দেখে নিজ হাতে পরিষ্কার করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে হাসপাতালটিতে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি টয়লেটসহ বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে অংশ নেন। ঘটনাটি রোববার (১৮ অক্টোবর) আলোচনায় আসে।
হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে তিনি ময়লা-আবর্জনা দেখতে পান। পরে নিজেই পরিচ্ছন্নতার সরঞ্জাম হাতে নেন এবং টয়লেট পরিষ্কার করেন।
আনিছুর রহমান বলেন, শুধু নিজের বাড়ি নয়, সরকারি ও সামাজিক প্রতিষ্ঠানকেও নিজের সম্পদ মনে করে পরিষ্কার রাখা প্রয়োজন।
তিনি হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়দের পরিচ্ছন্নতার বিষয়ে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল ও আশপাশে জমে থাকা পানি, আবর্জনা এবং মশার প্রজননস্থল পরিষ্কার রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
হাসপাতালের সেবা পরিবেশ উন্নত করতে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর কথাও বলেন তিনি।
সংসদ সদস্যের নিজ হাতে টয়লেট পরিষ্কারের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে নানা আলোচনা হয়। অনেকেই সরকারি হাসপাতালের পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা আরও শক্তিশালী করার দাবি জানিয়েছেন।

