রাজধানীর পুরানা পল্টনে ‘নাগরিক ভূমিসেবা কেন্দ্র-২’ উদ্বোধন করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু এবং ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
রোববার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে পুরানা পল্টনের ৭১ নম্বরে নতুন এ সেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়।
ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, নাগরিকদের দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত ভূমিসেবা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে কেন্দ্রটি চালু করা হয়েছে।
এখান থেকে নাগরিকরা বিনামূল্যে নামজারি আবেদনে সহায়তা, কোর্ট ফি ও ডিসিআর ফি প্রদান, অনলাইনে খতিয়ানের সার্টিফায়েড কপির আবেদন, ভূমি উন্নয়ন কর প্রদান এবং মৌজা ম্যাপের আবেদনে প্রয়োজনীয় সহযোগিতা পাবেন।
কর্মকর্তারা বলছেন, অনলাইন ভূমিসেবা চালু হলেও অনেক নাগরিক প্রযুক্তিগত জটিলতার কারণে নিজেরা আবেদন করতে পারেন না। নতুন কেন্দ্র তাঁদের সরাসরি সহায়তা দেবে।
ভূমিসেবা পেতে দালালের ওপর নির্ভরতা কমানো এবং সরকারি ফি ছাড়া অতিরিক্ত অর্থ লেনদেন বন্ধ করাও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
উদ্বোধনকালে ভূমিমন্ত্রী ও প্রতিমন্ত্রী সেবার মান, জবাবদিহি এবং নাগরিকদের সঙ্গে সৌজন্যমূলক আচরণের ওপর গুরুত্ব দেন।
ভবিষ্যতে চাহিদা অনুযায়ী এ ধরনের আরও সেবা কেন্দ্র সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

