তথ্য কমিশন কোনো সরকার বা বিশেষ ব্যক্তির জন্য নয়, জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে কাজ করবে বলে জানিয়েছেন নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান।
রোববার (১৮ অক্টোবর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
প্রধান তথ্য কমিশনার বলেন, তথ্য কমিশনের প্রথম কাজ হবে প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্পর্কে মানুষকে জানানো এবং সাধারণ নাগরিকের জন্য তথ্য পাওয়ার প্রক্রিয়া সহজ করা।
তিনি বলেন, কমিশনের দরজা দেশের সব মানুষের জন্য খোলা থাকবে। তথ্য অধিকার বাস্তবায়নে কমিশন স্বাধীনভাবে কাজ করবে।
ড. নাহরিন ইসলাম খান বলেন, গত ১৭ বছরে তথ্য কমিশন প্রত্যাশিত মাত্রায় দৃশ্যমান ভূমিকা রাখতে পারেনি। নতুন কমিশন জনগণের আস্থা অর্জনের চেষ্টা করবে।
তথ্য কমিশনার এস এ এম মাহফুজুর রহমানও বলেন, তথ্য পাওয়ার অধিকার শুধু গণমাধ্যমের নয়, এটি জনগণের মৌলিক অধিকার।
তিনি সঠিক ও স্বচ্ছ তথ্যপ্রবাহ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।
নতুন কমিশন তথ্য অধিকার আইন বাস্তবায়ন, সরকারি প্রতিষ্ঠানে তথ্যপ্রাপ্তি সহজ করা এবং নাগরিকদের অভিযোগ নিষ্পত্তির ক্ষেত্রে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছে।

