যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগের বাছাই পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ৩৮৬ জন।
শনিবার (১৭ অক্টোবর) পরীক্ষা নেওয়ার এক দিন পর ফল প্রকাশ করা হয়। এর আগে প্রশ্নফাঁস ঠেকাতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক রাতভর সচিবালয়ে অবস্থান করে প্রশ্নপত্র তৈরির কার্যক্রম তদারক করেছিলেন।
অধিদপ্তরের ১১তম গ্রেডের ২৪২টি শূন্য পদে নিয়োগের জন্য এ পরীক্ষা নেওয়া হয়। পদটির আগের নাম ছিল ক্রেডিট সুপারভাইজার।
এর আগে ১০ অক্টোবর পরীক্ষা হওয়ার কথা থাকলেও পরীক্ষার আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন ছড়িয়ে পড়ে। মূল প্রশ্নের সঙ্গে মিল পাওয়ায় শেষ মুহূর্তে পরীক্ষা স্থগিত করা হয়।
পরে নতুন প্রশ্নপত্র তৈরি করে ১৬ অক্টোবর আবার পরীক্ষা নেওয়া হয়। এবার প্রশ্নপত্র তৈরি ও ছাপানোর স্থান মতিঝিলের অধিদপ্তর কার্যালয় থেকে সচিবালয়ে স্থানান্তর করা হয়।
উত্তীর্ণদের লিখিত পরীক্ষার তারিখ ও সময় পরে ওয়েবসাইট এবং টেলিটকের এসএমএসের মাধ্যমে জানানো হবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়োগপ্রক্রিয়ায় কোনো প্রার্থী অনিয়ম বা অসাধু উপায় অবলম্বন করলে তাঁর প্রার্থিতা বাতিল হবে।

