জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও শিক্ষাপ্রতিষ্ঠানের সংকটের প্রতিবাদে ফ্রান্সজুড়ে বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে। দেশটির বিভিন্ন শহর থেকে অন্তত ১ হাজার ২০০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) আয়োজিত বিক্ষোভে প্রায় ৫ লাখ ৫০ হাজার মানুষ অংশ নেন বলে ফরাসি সরকারের হিসাব। রোববার (১৮ অক্টোবর) আন্তর্জাতিক গণমাধ্যমে এ তথ্য প্রকাশিত হয়।
রাজধানী প্যারিসে বিক্ষোভকারীদের সঙ্গে দাঙ্গা পুলিশের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে।
বিভিন্ন স্থানে গাড়ি ও ভবনে আগুন দেওয়ার পাশাপাশি দোকানপাটে লুটপাটের ঘটনাও ঘটেছে।
লিমোজ শহরের টাউন হলে আগুন লাগার পর ভবনের ছাদের একটি অংশ ধসে পড়ে। লিওঁ শহরের পর্যটন কার্যালয়েও আগুন দেওয়া হয়।
প্যারিসে বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি রেস্তোরাঁয় আগুন লাগে। লিলে একটি অ্যাপল স্টোরে লুটপাটের ঘটনা ঘটে।
ফ্রান্সে দ্রব্যমূল্য বৃদ্ধি, সরকারি ব্যয়নীতি এবং শিক্ষাব্যবস্থার সংকট নিয়ে কয়েক মাস ধরে অসন্তোষ চলছিল। নতুন সহিংসতার পর সরকার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে।

