রাজশাহীতে প্রধানমন্ত্রীর নির্ধারিত জনসভাস্থল মাদরাসা মাঠের কাছাকাছি একটি পুকুর থেকে অজ্ঞাত এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে শাহ মাখদুম ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরিসংলগ্ন পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রাজশাহী মহানগর পুলিশের মিডিয়া মুখপাত্র গাজিউর রহমান জানিয়েছেন, মরদেহটি মাদরাসা মাঠ থেকে প্রায় আধা কিলোমিটার দূরের একটি পুকুরে পাওয়া যায়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ওই যুবকের মৃত্যু প্রায় তিন দিন আগে হয়েছে।
মরদেহের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে পুকুরে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না।
একই দিন দুপুরে রাজশাহী মহানগর ও জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে। এ কারণে জনসভাস্থল ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও বাড়ানো হয়েছে।
পুলিশ অজ্ঞাত ওই যুবকের পরিচয় শনাক্তে কাজ করছে। একই সঙ্গে মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

