জন্ম-মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম ছয় দিন বন্ধ

ডেস্ক রিপোর্ট
spot_img
spot_img

জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম ছয় দিনের জন্য বন্ধ থাকবে। সংশ্লিষ্ট সফটওয়্যার বিডিআরআইএসের রক্ষণাবেক্ষণ ও কারিগরি কাজের জন্য সাময়িকভাবে এ সেবা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়।

সোমবার (১৯ অক্টোবর) জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯ অক্টোবর সন্ধ্যা ৬টা থেকে ২৫ অক্টোবর সকাল ৬টা পর্যন্ত জন্ম ও মৃত্যু নিবন্ধনসংক্রান্ত অনলাইন কার্যক্রম বন্ধ থাকবে।

এই সময়ের মধ্যে নতুন জন্মনিবন্ধন আবেদন, মৃত্যু নিবন্ধন, তথ্য সংশোধনসহ বিডিআরআইএসের মাধ্যমে পরিচালিত বিভিন্ন অনলাইন সেবা সাময়িকভাবে পাওয়া যাবে না।

রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় জানিয়েছে, সফটওয়্যারটির কার্যক্ষমতা ও সেবা উন্নয়নের লক্ষ্যে নির্ধারিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কাজ শেষ হলে নির্ধারিত সময় অনুযায়ী পুনরায় অনলাইন কার্যক্রম চালু করা হবে।

জন্ম ও মৃত্যু নিবন্ধনের তথ্য বিভিন্ন সরকারি ও নাগরিক সেবায় প্রয়োজন হওয়ায় এ সাময়িক বন্ধের সময়ে জরুরি আবেদনকারীদের কিছুটা ভোগান্তি হতে পারে। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন কাজে জন্মনিবন্ধন সনদের প্রয়োজন হয়।

কর্তৃপক্ষ সেবা প্রত্যাশীদের নির্ধারিত সময় শেষে পুনরায় অনলাইন ব্যবস্থায় আবেদন করার পরামর্শ দিয়েছে।

সর্বশেষ নিউজ