দীর্ঘ ১৬ বছর পর দেশের শেয়ারবাজারে বেসরকারি কোম্পানির জন্য সরাসরি তালিকাভুক্তির সুযোগ আবার চালু করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নির্দিষ্ট শর্ত পূরণ করলে বড় দেশি-বিদেশি কোম্পানি আইপিও ছাড়াই শেয়ারবাজারে আসতে পারবে।
রোববার (১৮ অক্টোবর) এ-সংক্রান্ত নতুন বিধিমালার গেজেট প্রকাশ করা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, সরকারের অন্তত ১০ শতাংশ মালিকানা রয়েছে এমন প্রতিষ্ঠান অথবা অন্তত ৫১ শতাংশ বিদেশি মালিকানাধীন কোম্পানি এ সুযোগ পেতে পারে। এছাড়া অন্তত ৫০০ কোটি টাকার নিট সম্পদ থাকা ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিমা কোম্পানি এবং বছরে অন্তত এক হাজার কোটি টাকা টার্নওভার থাকা প্রতিষ্ঠানও বিবেচিত হবে।
তবে আগ্রহী কোম্পানিকে অন্তত পাঁচ বছর বাণিজ্যিক উৎপাদনে থাকতে হবে। সর্বশেষ দুই আর্থিক বছরে মূল ব্যবসা থেকে মুনাফা এবং ইতিবাচক নগদ প্রবাহ থাকতে হবে। পুঞ্জীভূত লোকসান থাকলে সরাসরি তালিকাভুক্তির সুযোগ মিলবে না।
উদ্যোক্তা ও পরিচালকদের তালিকাভুক্তির পর সম্মিলিতভাবে অন্তত ৩০ শতাংশ শেয়ার ধরে রাখতে হবে।
আইপিওশূন্য বাজারে বড় ও আর্থিকভাবে শক্তিশালী কোম্পানি আনা এবং বিনিয়োগকারীদের বিকল্প বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

