পাঁচ ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের বৃদ্ধা মায়ের

ডেস্ক রিপোর্ট
spot_img
spot_img

পাঁচ ছেলে থাকার পরও বার্ধক্যে এসে সন্তানের ঘরে আশ্রয় না পাওয়ার অভিযোগ উঠেছে চাঁদপুরের শাহরাস্তির ৮৫ বছর বয়সী জয়নব ভানুর। দীর্ঘ এক মাস হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরে ছেলেদের দরজায় ঘুরেও আশ্রয় না পেয়ে শেষ পর্যন্ত মেয়ের কাছে আশ্রয় নিয়েছেন তিনি।

জয়নব ভানু উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের পূর্ব কাদরা গ্রামের মৃত সৈয়দ আহমেদের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, চিকিৎসা শেষে বাড়ি ফিরে তিনি একে একে ছেলেদের ঘরের সামনে যান। দীর্ঘক্ষণ অপেক্ষা ও কান্নার পরও কেউ তাঁকে ঘরে নেয়নি বলে অভিযোগ। বিষয়টি দেখে কয়েকজন স্থানীয় তরুণ এগিয়ে আসেন।

মেজো ছেলে আবুল কাশেম দাবি করেছেন, মা দীর্ঘদিন কোথায় ছিলেন তা তাঁর জানা ছিল না এবং তিনি মাকে ডেকেছিলেন। অন্য পরিবারের সদস্যরাও বৃদ্ধার ফিরে আসার বিষয়টি বুঝতে পারেননি বলে দাবি করেছেন।

পরে মেয়ে ঝর্ণা বেগম এসে মাকে নিজের কাছে নিয়ে যান। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরেই ভাইয়েরা মায়ের প্রতি অবহেলা করছেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান বিষয়টিকে অমানবিক বলেছেন। শাহরাস্তি থানার পুলিশ ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

সর্বশেষ নিউজ