জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে রেডিওথেরাপির নতুন রোগীর নিবন্ধন বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন ক্যানসার আক্রান্ত রোগীরা। হাসপাতালের ছয়টি রেডিওথেরাপি মেশিনের মধ্যে চারটি দীর্ঘদিন ধরে অকেজো থাকায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে মাত্র দুটি মেশিন দিয়ে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। অপেক্ষমাণ রোগীর সংখ্যা ইতোমধ্যে সাড়ে সাত হাজার ছাড়িয়েছে। অনেক রোগীকে ২০২৮ সালের শেষ দিকে চিকিৎসার সিরিয়াল দেওয়া হয়েছে।
অতিরিক্ত রোগীর চাপ সামলাতে না পেরে গত দেড় মাস ধরে নতুন রোগীদের রেডিওথেরাপির নিবন্ধনও বন্ধ রেখেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
টাঙ্গাইল থেকে আসা স্তন ক্যানসারে আক্রান্ত সাথিয়া খাতুন জানান, অস্ত্রোপচারের পর রেডিওথেরাপির জন্য তিনি ঢাকায় এলেও নতুন সিরিয়াল না পাওয়ায় অসহায় হয়ে পড়েছেন। বেসরকারি হাসপাতালে চিকিৎসার ব্যয় বহনের সামর্থ্যও তাঁর নেই।
চিকিৎসকদের মতে, প্রয়োজনের তুলনায় দীর্ঘ সময় রেডিওথেরাপি বিলম্বিত হলে রোগীর শারীরিক ঝুঁকি বাড়তে পারে। দ্রুত মেশিন মেরামত ও চিকিৎসাসেবা স্বাভাবিক করার দাবি জানিয়েছেন রোগী ও স্বজনরা।

