চিরনিদ্রায় শায়িত সাংবাদিক সোহরাব হোসেন

ডেস্ক রিপোর্ট
spot_img
spot_img

পটুয়াখালীর সাংবাদিক সোহরাব হোসেনকে দাফন করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকালে পটুয়াখালীর আউলিয়াপুরে জানাজা শেষে বড় ভাই মাওলানা ওহাব মোল্লার কবরের পাশে তাঁকে সমাহিত করা হয়।

এর আগে সকাল ১০টায় আউলিয়াপুর সাবিনা আক্তার মাধ্যমিক বিদ্যালয় মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় পরিবারের সদস্য, সহকর্মী সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সোহরাব হোসেনের বড় ছেলে আতিকুর রহমান ও ছোট ছেলে সুফিয়ান মোল্লা বাবার জন্য সবার কাছে দোয়া চান। পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি জাকির হোসেনসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা তাঁর প্রতি শ্রদ্ধা জানান।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সোহরাব হোসেন। হাসপাতালের মৃত্যু সনদে মৃত্যুর কারণ হিসেবে কার্ডিয়াক অ্যারেস্ট উল্লেখ করা হয়েছে।

দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি উপকূলীয় মানুষের জীবন-জীবিকা, পরিবেশ, স্বাস্থ্যসেবা, কৃষি, অবকাঠামো ও উন্নয়ন প্রকল্প নিয়ে নিয়মিত প্রতিবেদন করেছেন।

কুয়াকাটা সমুদ্রসৈকতে ডলফিনের মৃত্যু, জেলেদের দুর্দশা, উপকূলীয় ভাঙন, পটুয়াখালী ইপিজেড, সড়ক নির্মাণে অনিয়ম এবং সরকারি হাসপাতালের চিকিৎসক সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তাঁর প্রতিবেদনে উঠে এসেছে।

সাংবাদিকতায় অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৩ সালে তিনি সেরা জেলা প্রতিবেদকের পুরস্কার পান। তিনি পটুয়াখালী প্রেসক্লাবের সহসভাপতি ছিলেন এবং এর আগে সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।

তাঁর মৃত্যুতে সাংবাদিক সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।

সর্বশেষ নিউজ